নেতানিয়াহু ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে স্বীকার করেছেন
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
অবশেষে ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu। শুক্রবার (২৪ এপ্রিল) তিনি জানান, প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা নিয়েছেন। ৭৬ বছর বয়সী এই নেতা বলেন, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে অস্ত্রোপচার করানোর পর তার শরীরে একটি ক্যানসারজনিত টিউমার ধরা পড়ে। পরবর্তীতে এর চিকিৎসাও সম্পন্ন করা হয়। ইরানের সঙ্গে চলমান সংঘাতের সংবেদনশীল সময়ে বিষয়টি প্রকাশ পেলে যেন কোনো প্রভাব না পড়ে, সে কারণে তিনি তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করেছিলেন এবং এতদিন আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। বর্তমানে সংঘাত অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে থাকায় তিনি জানান, চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং এখন তার শারীরিক অবস্থা ‘চমৎকার’।
নেতানিয়াহু বলেন, প্রায় দেড় বছর আগে একটি বড় হলেও ‘নিরীহ’ প্রোস্টেট সমস্যার সফল অস্ত্রোপচার করা হয় এবং এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণে ছিলেন। সর্বশেষ পরীক্ষায় প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম একটি ছোট দাগ শনাক্ত হয়, যা পরীক্ষা করে প্রাথমিক স্তরের ক্যানসার হিসেবে নিশ্চিত করা হয়। তিনি জানান, এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। চিকিৎসকদের পরামর্শে তার সামনে দুটি পথ ছিল—একটি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময়, অন্যটি এ অবস্থাতেই জীবনযাপন। তিনি বলেন, সম্ভাব্য ঝুঁকি থাকলে তা দ্রুত মোকাবিলা করাই তার নীতি, তাই তিনি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আরও দাবি করেন, জেরুজালেমে চিকিৎসার মাধ্যমে টিউমারটি সম্পূর্ণ অপসারণ করা হয়েছে এবং এখন আর এর কোনো অস্তিত্ব নেই।
শুক্রবার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান তিনি। নেতানিয়াহু বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তেহরানে আকস্মিক হামলার পর ইরান যেন ‘ভুয়া প্রচারণা’ চালাতে না পারে, সে কারণে তিনি দুই মাস প্রতিবেদন প্রকাশে বিলম্বের অনুরোধ করেছিলেন।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট