নাইক্ষ্যংছড়ির বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার, যৌথ বাহিনীর অভিযান!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে অপহৃত তিন শ্রমিককে অবশেষে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা যায়, গত রাত আনুমানিক ৩টার দিকে বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম বান্টুর রাবার বাদিতলা বাগানের স্টাফ কোয়ার্টার থেকে দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়। অপহৃত শ্রমিকরা হলেন, এনামুল হক (১৮), পিতা: আনোয়ার, মোহাম্মদ হাসান (২০), নুরুল ইসলাম (১৯), পিতা: মোঃ ছিদ্দিক। তারা তিনজনই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পশ্চিম করলিয়া মুরা সড়ক এলাকা থেকে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পর দেখা যায়, অপহৃতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে অপহরণের সময় বা পরবর্তী সময়ে তাদের নির্যাতন করা হয়েছে। বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনারুল ইসলাম জানান, অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি