হোমনায় ধর্মীয় ওসামাজিক অবকাঠামো উন্নয়নে এমপি সেলিম ভূঁইয়ার বিশাল বরাদ্দ প্রস্তাব

হোমনায় ধর্মীয় ওসামাজিক অবকাঠামো উন্নয়নে এমপি সেলিম ভূঁইয়ার বিশাল বরাদ্দ প্রস্তাব
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান ও শশ্মান বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ‘সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ (CSIDP)-এর আওতায় ৯৭টি প্রকল্পের একটি বিস্তারিত প্রস্তাবনা প্রধান প্রকৌশলীর কাছে দাখিল করেছেন। প্রস্তাবে কয়েক কোটি টাকার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এবং এতে হোমনা পৌরসভাসহ মাথাভাঙ্গা, ঘাগুটিয়া, দুলালপুর, চান্দেরচর, আসাদপুর, নিলখী, ভাষানিয়া, ঘারমোড়া ও জয়পুর ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

অধিকাংশ ইউনিয়নে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, নতুন ভবন নির্মাণ এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ঈদগাহ মাঠের সিসিকরণ, কবরস্থানের গাইড ওয়াল নির্মাণ এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দির ও শ্মশান সংস্কারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। ছোট প্রকল্পগুলোর জন্য গড়ে ৩ লাখ টাকা এবং বড় প্রকল্পগুলোর জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। ডিও লেটার প্রাপ্তির পর বিষয়টি পর্যালোচনার জন্য এলজিইডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্প পরিচালক, ইউএনও ও উপজেলা প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে হোমনা উপজেলার ধর্মীয় ও সামাজিক অবকাঠামোয় দৃশ্যমান উন্নয়ন ঘটবে।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ