আনসার ভিডিপি সদস্যদের আন্তর্জাতিক কর্মসংস্থানে নতুন দিগন্ত : Skill Up-এর সঙ্গে জাপানিজ ভাষা শিক্ষা বিষয়ে সমঝোতা
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জাপানিজ ভাষা শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে Skill Up-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আনসার ভিডিপি সদর দপ্তরে আনুষ্ঠানিক ভাবে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়। বাহিনীর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপমহাপরিচালক প্রশিক্ষণ মোঃ রফিকুল ইসলাম, বিভিএম, পিভিএমএস, বিভিএমএস। অন্যদিকে Skill Up-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ আবুল মনজুর মোর্শেদ এবং প্রোগ্রাম ম্যানেজার ফাহমিদ আহামদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং Skill Up-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমঝোতা চুক্তির আওতায় আনসার ভিডিপি সদস্যরা Skill Up-এর ব্যবস্থাপনায় জাপানিজ ভাষা শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি জাপানের শ্রমবাজারে কাজ করার জন্য প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা, সাংস্কৃতিক জ্ঞান এবং কর্মসংস্থানের প্রস্তুতিমূলক প্রশিক্ষণও প্রদান করা হবে।
বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর দূরদর্শী নেতৃত্বে সদস্যদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থানের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই চুক্তি সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উল্লেখ্য, Skill Up একটি দক্ষতা উন্নয়ন ও পরামর্শমূলক প্রতিষ্ঠান, যা বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করে আসছে। এই উদ্যোগের মাধ্যমে আনসার ভিডিপি সদস্যদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান