বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২

বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা–সালদা সড়কের দক্ষিণগ্রাম এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শংকুচাইল থেকে ছেড়ে আসা একটি সিএনজি কুমিল্লার দিকে যাওয়ার পথে দক্ষিণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। গুরুতর আহত মোটরসাইকেলের চালকসহ দুইজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সিএনজি চালকের নাম মো. আনোয়ার হোসেন ওরফে কালা মিয়া (৪৫)। তিনি কুমিল্লা সদর উপজেলার আমড়তলী উত্তরপাড়া এলাকার মৃত জাহের মিয়ার ছেলে। ঘটনার পর বুড়িচং থানার এসআই জয়নুল ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহসহ দুর্ঘটনাকবলিত সিএনজি ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সিএনজি চালক মোজাম্মেল হক বলেন, “এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া মোটরসাইকেল চালনার কারণেই বেশিরভাগ দুর্ঘটনা হয়। কালা মিয়া খুব ভালো মানুষ ছিলেন।” নিহতের বোনজামাই রফিকুল ইসলাম জানান, “কালা মিয়া ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আয়ের ওপরই পুরো পরিবার নির্ভরশীল ছিল।” এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “দক্ষিণগ্রামে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক নিহত হয়েছেন। মরদেহ থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ