মমতাজের তিনটি বাড়ি ও জমি জব্দের আদেশ
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের তিনটি বাড়ি এবং ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ জারি করেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেনের বরাতে জানা গেছে, জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর ডিওএইচএসের একটি এবং মানিকগঞ্জের দুটি বাড়ি। এছাড়া ঢাকা ও মানিকগঞ্জে অবস্থিত মোট ৪৭৪ শতাংশ জমিও জব্দের আদেশে অন্তর্ভুক্ত।
দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হকের দায়ের করা আবেদনে উল্লেখ করা হয়, মমতাজ বেগম ও তাঁর সাথে জড়িত ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এসব সম্পদ অস্থায়ীভাবে জব্দ করা প্রয়োজন বলে দুদক আদালতকে জানায়।
বর্তমানে কারাগারে আটক মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ২০২৫ সালের মে মাসে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ ই