এবি পার্টির ফুয়াদের বার্ষিক আয় ৭.৫ লাখ টাকা।

হলফনামার তথ্য

এবি পার্টির ফুয়াদের বার্ষিক আয় ৭.৫ লাখ টাকা।
ছবিঃ গুগল থেকে নেওয়া

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী মো. আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ) তার দাখিল করা হলফনামায় বার্ষিক আয় ৭ লাখ ৪১ হাজার ৬০২ টাকা উল্লেখ করেছেন। এ আয়ের মধ্যে ৩ লাখ ২৬ হাজার টাকা টিভি টক শো, ইউটিউব ও ফেসবুক থেকে এবং অবশিষ্ট অংশ আইন পেশার সম্মানী থেকে অর্জিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া এ হলফনামা অনুযায়ী, আসাদুজ্জামানের কাছে ৭ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে নগদ ২ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩.৫ লাখ টাকা এবং ১.৫ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী অন্তর্ভুক্ত। তার স্ত্রীর অস্থাবর সম্পদ হিসেবে নগদ ৫০ হাজার টাকা, ব্যাংকে ১৮ হাজার টাকা, ১ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৫০ হাজার টাকার আসবাবপত্রের তথ্য উল্লেখ করা হয়েছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ এখনো বণ্টন হয়নি বলে স্থাবর সম্পদের বিবরণ দেওয়া হয়নি।

হলফনামায় আসাদুজ্জামানের পেশা আইনজীবী এবং স্ত্রীর পেশা গৃহিণী হিসেবে উল্লেখ আছে। ২০২৫–২৬ করবর্ষে জমা দেওয়া আয়কর রিটার্নে তার আয় দেখানো হয়েছে ৬ লাখ ৪ হাজার ৯৩৫ টাকা, যার বিপরীতে কর দেওয়া হয়েছে ২০ হাজার টাকা। এ রিটার্নে তার মোট সম্পদ দেখানো হয়েছে ৫ লাখ ৯১ হাজার ২৮৪ টাকা।

উল্লেখ্য, এবি পার্টির এই প্রার্থীকে সমর্থন জানিয়ে বরিশাল–৩ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী দেয়নি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ