ওয়ার্ড কমিশনারের নির্দেশে ওসমান হাদিকে হত্যার দায়ে শ্যুটার ফয়সালসহ ১৭ জন আসামি
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়।
দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, শরিফ ওসমান বিন হাদি একটি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। তাঁর এই রাজনৈতিক অবস্থানের কারণেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পী) ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার পরিকল্পনা করেন এবং নির্দেশনা দেন।
ডিবির কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে সরাসরি গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা এবং তাঁর সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। এ তিনজন সহ আরও কয়েকজনকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্তে জানা গেছে, তারা ভারতে পালিয়ে গেছেন। এছাড়া ফয়সাল করিমের ভগ্নিপতি এবং ‘ফিলিপ’ নামের আরেকজন পলাতক রয়েছেন। এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন তথ্য-প্রমাণ পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার সম্ভাবনার কথাও জানান শফিকুল ইসলাম।
হত্যার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ডিবি কর্মকর্তা বলেন, শরিফ ওসমান বিন হাদি বর্তমান রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত ব্যক্তিত্ব ছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারা প্রচার করতেন। তিনি বিভিন্ন সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অতীত কার্যকলাপের সমালোচনা করতেন, যা সংশ্লিষ্ট সংগঠনের নেতা-কর্মীদের ক্ষুব্ধ করে তোলে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছিলেন এবং একাধিক দিন ধরে তিনি গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোদে রিকশায় থাকা অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। মাথায় গুলি লাগার পর ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয় এবং ১৮ ডিসেম্বর সেখানে তাঁর মৃত্যু হয়। হামলার পর আততায়ীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
দৈনিক বিজয় নিউজ/ ই