নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঠক্রম কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঠক্রম কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঠক্রম প্রণয়ন কমিটির প্রথম সভা আজ ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নওঁগা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলী সভায় সভাপতিত্ব করেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন। সভা শেষে কমিটির সদস্যদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। পাঠক্রম কমিটির সদস্য হিসেবে সভায় অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক সভাপতি ও আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আব্দুল হান্নান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. নুরুন নাহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বর্তমান সভাপতি প্রফেসর ড. সাইয়েদা আনজু।

সভায় আইন বিভাগের প্রস্তাবিত পাঠক্রম, একাডেমিক কাঠামো ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম প্রাথমিক ভাবে আইন বিভাগ ও হিসাব বিজ্ঞান বিভাগের মাধ্যমে শুরু করার সম্ভাবনা সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন। এ উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়'র শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, অভিজ্ঞ শিক্ষাবিদদের দিক নির্দেশনায় নওগাঁ বিশ্ববিদ্যালয় অচিরেই উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্ম প্রকাশ করবে। সভা শেষে উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলী সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান