পাবনার সুজানগরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পাবনার সুজানগরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৪ জানুয়ারি সুজানগর উপজেলা, পৌর বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত উপজেলার মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব। দোয়া মাহফিল পূর্ব আলোচনায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন নেতৃত্বের প্রতীক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর দৃঢ়তা আজও দেশবাসীর জন্য প্রেরণার উৎস। তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ স্বীকার করেও দেশ ও মানুষের অধিকার রক্ষায় তিনি কখনো আপস করেননি। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। দেশনেত্রীর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা মাহমুদুর রহমান নান্নু, আহমেদ আলী প্রামানিক লাটু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক জসিম বিশ্বাসসহ উপজেলা, পৌর ও জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের নেতা কাজী আনিছুর রহমান। অনুষ্ঠানে বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পদমর্যাদার নেতা কর্মী, নানা শ্রেণি পেশার মানুষ এবং মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান