তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মনোনয়নের জন্য প্রয়োজনীয় মোট ভোটারের স্বাক্ষর থাকলেও, প্রস্তাবক ও সমর্থকদের তালিকায় ১০ জনের মধ্যে ২ জন ঢাকা-৯ আসনের ভোটার না হওয়ায় নির্বাচনী বিধি লঙ্ঘন হয়েছে। এ কারণে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাসনিম জারার আপিল করার সুযোগ রয়েছে।
তাসনিম জারা পূর্বে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্কের পর তিনি দলত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। হলফনামায় তাসনিম জারা নিজের পেশা চিকিৎসক, শিক্ষক ও উদ্যোক্তা হিসেবে উল্লেখ করেছেন। ৩১ বছর বয়সী তাসনিমের প্রধান আয়ের উৎস চাকরি, যেখান থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার টাকা। এছাড়া শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেশে ২৬৪ টাকা এবং বিদেশে ৩ হাজার ২০০ পাউন্ড আয় রয়েছে।
তাঁর অস্থাবর সম্পদের মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা, যার মধ্যে নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, ব্যাংক জমা ও সোনা অন্তর্ভুক্ত। স্থাবর সম্পদ নেই। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তিনি ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা আয় ও ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকার সম্পদ দেখিয়েছেন এবং ৩৪ হাজার ৫৭ টাকা আয়কর দিয়েছেন।
নির্ভরশীল হিসেবে তার স্বামী খালেদ সাইফুল্লাহর নাম উল্লেখ আছে, যিনি একজন উদ্যোক্তা। দেশের বাইরে তার বার্ষিক আয় ৩৫ হাজার পাউন্ড এবং অন্যান্য উৎস থেকে ৪ হাজার ৮০০ পাউন্ড।
দৈনিক বিজয় নিউজ/ ই