বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) তারিখে এই প্রজ্ঞাপন জারি করা হয়, তবে তা আজ বুধবার প্রকাশিত হয়েছে।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এ দায়িত্বে নিয়োগ করেন। নিয়োগটি শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন। গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। এ হিসেবে ২৭ ডিসেম্বর তিনি ৬৭ বছর পূর্ণ করবেন।

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী এবং মা প্রয়াত বেগম সিতারা চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জনের পর তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে আরেকটি এলএলএম ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৫ সালে জজকোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন এবং ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

দৈনিক বিজয় নিউজ/ ই