বগুড়ায় বিজয় মেলা-২০২৫-এ গাক স্মার্ট প্রকল্পের সক্রিয় অংশগ্রহণ, অর্জিত হলো দ্বিতীয় স্থান

বগুড়ায় বিজয় মেলা-২০২৫-এ গাক স্মার্ট প্রকল্পের সক্রিয় অংশগ্রহণ, অর্জিত হলো দ্বিতীয় স্থান
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বিজয় মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত এই মেলার উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান। উক্ত মেলায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় মানের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন মেশিনারি ও যন্ত্রাংশ উপ-প্রকল্পের আওতায় Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্প সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মেলায় গাক SMART প্রকল্পের পক্ষ থেকে একটি তথ্যবহুল স্টল স্থাপন করা হয়। স্টলে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, চলমান কার্যক্রম, অর্জিত সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আগত দর্শনার্থীদের অবহিত করা হয়। পাশাপাশি প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। বিজয় মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে স্থানীয় উদ্যোক্তা, যুবসমাজ ও শিক্ষার্থীরা গাক SMART প্রকল্পের স্টলে ব্যাপক আগ্রহ প্রদর্শন করেন।অনেক উদ্যোক্তা ভবিষ্যতে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। ১৮ ডিসেম্বর সমাপনী দিনে উপজেলা নির্বাহী অফিসার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। বিজয় মেলা-২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গাক SMART প্রকল্প সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করে। এ সময় গাকের পক্ষে ২য় পুরস্কার গ্রহণ করেন গাকের প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম। এই অর্জনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে গাক SMART প্রকল্পের অবদান আরও একবার প্রমাণিত হলো। এই অনুষ্ঠানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। এ সময় নানা শ্রেণি পেশার মানুষ, উদ্যোক্তা ব্যাক্তি, বহু গন্যমান্য ব্যক্তিবর্গ, মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান