পাবনায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পাবনায় শুরু হয়েছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও খেলোয়ারদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনার নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে শহরের স্টেডিয়াম ও ক্রীড়াপাড়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোঃ মনিরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, রোভার স্কাউটের সেক্রেটারি আলী আকবর রাজু ও স্পেশাল অলিম্পিকের সেক্রেটারি রেজাউল হোসেন বাদশা প্রমূখ।
অতিথিরা টুর্নামেন্টের সফলতা কামনা করে তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করেন। এবারের প্রতিযোগিতায় জেলার ১২টি কলেজের দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মোকাবিলা করে সাঁথিয়া শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ ও আটঘরিয়া সরকারি কলেজ। খেলা উপভোগ করতে সকাল থেকেই দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।আয়োজকরা জানান, টুর্নামেন্টের বিভিন্ন ধাপ শেষে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফুটবলপ্রেমীদের আশা, এই আয়োজন তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করবে এবং জেলা পর্যায়ে নতুন প্রতিভা খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় নানা শ্রেণি পেশার মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, হাজার হাজার ফুটবল প্রেমী, দর্শক সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান