বিএনপি মহাসচিবের কবর জিয়ারত: দুই প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সাবেক চেয়ারম্যান মরহুম ড. এম. আসাদুজ্জামান এবং রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির প্রখ্যাত নেতা মরহুম ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকালে তিনি এ দুই প্রয়াত নেতার কবরের কাছে উপস্থিত হয়ে তাঁদের মাগফিরাত কামনা করেন এবং দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কবর জিয়ারতকালে মির্জা ফখরুল বলেন, “এ দেশ ও জনগণের জন্য যারা তাঁদের জীবন উৎসর্গ করেছেন, ইতিহাস তাঁদের কখনো ভুলবে না। তাঁদের আদর্শ আমাদের আন্দোলনকে শক্তি জোগায়।” তিনি প্রয়াত দুই নেতার পরিবারের প্রতিও সমবেদনা জানান। এ সময় তাঁকে সঙ্গে ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন, রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান এবং রাজশাহী-৩ আসনের প্রার্থী এডভোকেট শফিকুল ইসলাম মিলনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। কবর জিয়ারতের পর দলীয় নেতাকর্মীদের সাথে স্বল্প সময়ের জন্য মতবিনিময়ও করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন যে গণতন্ত্র পুনর্গঠনের সংগ্রামে সবাইকে সংগঠিত ও সক্রিয় থাকতে হবে। গোদাগাড়ী উপজেলার শান্ত পরিবেশে অনুষ্ঠিত জিয়ারত কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা প্রয়াত দুই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন