বালিয়াকান্দিতে চক্ষু ক্যাম্প: শতাধিক অসহায় মানুষের বিনামূল্যে চক্ষু সেবা

বালিয়াকান্দিতে চক্ষু ক্যাম্প: শতাধিক অসহায় মানুষের বিনামূল্যে চক্ষু সেবা
ছবিঃ মোঃ জাহিদুর রহিম মোল্লা

দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ

বালিয়াকান্দি আই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো “চক্ষু ক্যাম্প–২০২৫ (পর্ব–২)”। বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান এ কার্যক্রমে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্পে বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা চোখ ফুলে যাওয়া, লাল হওয়া, চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, ঝাপসা দেখা–সহ বিভিন্ন চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেন।

দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের বিশেষ ব্যবস্থাও রাখা হয়। আগের ক্যাম্পে শতাধিক মানুষ চিকিৎসা সেবা পাওয়ার পাশাপাশি ৩ জন দরিদ্র রোগীর সফলভাবে বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন হয়, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছিল। নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের মোমেনা বেগম বলেন, বালিয়াকান্দিতে উন্নতমানের চক্ষু সেন্টার নেই। চিকিৎসার জন্য আমাদের পাশ্ববর্তী জেলায় যেতে হয়, তাতে ভোগান্তিও পোহাতে হয়। এখানে মাত্র ২০ টাকার বিনিময়ে ভালো সেবা পেয়েছি। চাই এই উদ্যোগ সবসময় চলমান থাকুক, যাতে আমাদের মতো দরিদ্র রোগীরা উপকৃত হতে পারে। বালিয়াকান্দি আই ফাউন্ডেশন জানায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। নিয়মিত চক্ষু সেবা প্রদানের মাধ্যমে এলাকার দরিদ্র, বৃদ্ধ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা