সুস্থ নারী, সচেতন সমাজ—পাবিপ্রবিতে স্বাস্থ্য সচেতনতা সেমিনার
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী মিয়া ভবনের গ্যালারি–২-এ শিখা অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নারী স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘A Seminar on Women’s Health Awareness’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. শামীমা খাতুন পলি।
বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, “নারী শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন থাকা অত্যন্ত জরুরি। দেশে এখনো সচেতনতার অভাব রয়েছে। অনেক শিক্ষার্থী নিয়মিত খাবার না খাওয়ায় ভবিষ্যতে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই সঠিক অভ্যাস ও সচেতনতা গড়ে তোলা প্রয়োজন।” প্রধান আলোচক ডা. শামীমা খাতুন পলি নারী স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি মাসিক স্বাস্থ্যবিধি, পুষ্টিকর খাবার গ্রহণ, মানসিক স্বাস্থ্য এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “এ ধরনের সেমিনার আমাদের জন্য সত্যিই প্রয়োজনীয়। অনেক সময় আমরা নিজেদের শারীরিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করতে পারি না। আজকের সেমিনার থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, যা ভবিষ্যতে আমাদের সচেতন ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।”
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়