বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, পাবিপ্রবি শাখার নতুন কমিটি গঠিত
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ কার্যবছরের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের (২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী বি.এম. মিকাইল হোসাইন, এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাকফুর রহমান। নবনির্বাচিত সভাপতি বি.এম. মিকাইল হোসাইন বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম লেখনীর মাধ্যমে সচেতন সমাজ গঠনে নিরলসভাবে কাজ করছে। আমরা পাবিপ্রবি শাখার পক্ষ থেকে তরুণদের লেখালেখিতে সম্পৃক্ত করতে ও চিন্তাশীল প্রজন্ম গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ।”
সাধারণ সম্পাদক মো. মাকফুর রহমান বলেন, “এই দায়িত্ব আমাদের জন্য যেমন গৌরবের, তেমনি এটি এক বিশাল দায়িত্বও বটে। আমরা লেখালেখির মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন ও নৈতিক চেতনা বিকাশে ভূমিকা রাখতে চাই।” কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, পাবিপ্রবি শাখাকে জানাই আন্তরিক অভিনন্দন। তরুণ লেখকরাই একটি সচেতন জাতি গঠনের চালিকাশক্তি। লেখকদের লেখনীর মাধ্যমে সমাজে সত্য, ন্যায় ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে হবে।” কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবগঠিত পাবিপ্রবি শাখা কমিটিকে অভিনন্দন জানানো হয় এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে তা কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণ করতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ফোরামের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়