গলাচিপায় সংখ্যালঘু পরিবারের সাক্ষাৎকার প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, অভিযুক্ত যুবদল কর্মী বহিষ্কার,১১ঘন্টা পরে গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ গলাচিপা (উপজেলা) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সংখ্যালঘু একটি পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক আরেফিন লিমনকে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন যুবদল কর্মী পরিচয়ধারী মেহেদী হাসান মুকুল প্যাদা। এ ঘটনায় সামাজিক ও সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে 'প্রতিদিনের বাংলাদেশ' পত্রিকার গলাচিপা প্রতিনিধি আরেফিন লিমন, সংখ্যালঘু পরিবারকে ভয়ভীতির বিষয়ে অভিযুক্ত মুকুল প্যাদার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, এসময় মুকুল প্যাদা সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ডিলেট করতে চাপ দেন। ভিডিও না মুছলে সাংবাদিককে গলাচিপায় কাজ করতে না দেওয়ার হুমকি দেন তিনি।
জানা গেছে, অভিযুক্ত মুকুল প্যাদা ও তার ভাই আরিফ হোসেন প্যাদা দীর্ঘদিন ধরে গলাচিপার চিকনিকান্দি ইউনিয়নে প্রভাব বিস্তার করে আসছেন। সোমবার (২০ অক্টোবর) রাতে ইউনিয়নের মাঝগ্রামের সংখ্যালঘু বাসিন্দা দিলীপ দেবনাথ গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি উল্লেখ করেন, মুকুল ও আরিফ তাদের বাড়িতে গিয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। ফলে দিলীপ দেবনাথ স্ত্রীকে নিয়ে নিরাপত্তার অভাবে থানায় আশ্রয় নেন।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা দিলীপ দেবনাথ ও তার স্ত্রীর ভিডিও সাক্ষাৎকার নেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সাক্ষাৎকারে দিলীপ জানান, ছয় মাস আগে মুকুল প্যাদা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দেওয়ায় তাকে মারধর করে পা ভেঙে দেন। অভিযোগের পরও থানায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। সাংবাদিক আরেফিন লিমন বলেন, “আমি শুধু অভিযুক্তের বক্তব্য নিতে ফোন করেছিলাম। তখনই উনি অকথ্য ভাষায় গালি দিয়ে হুমকি দেন, বলেন ভিডিও না মুছলে গলাচিপায় সাংবাদিকতা করতে দেবেন না।”
এ বিষয়ে গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার মো. মশিউর রহমান শাহিন বলেন, “মুকুল প্যাদা গলাচিপা উপজেলা বা ইউনিয়ন যুবদলের কোনো কমিটিতেই নেই। সে দীর্ঘদিন ধরে দলের নাম ব্যবহার করে অপকর্ম করে আসছে।” তিনি আরও জানান, বিষয়টি কেন্দ্রীয় যুবদলের নজরে আসার পর কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে মুকুল প্যাদাকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সকল কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন হাওলাদার জানান, “বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের টিম তদন্ত কাজ করছে।
দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন