ঠাকুরগাঁওয়ে ৯ বছর বয়সী শিশু ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় মাদ্রাসার ৯ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি মো. আবু তালেবকে অবশেষে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে র্যাব। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। গত ২০ সেপ্টেম্বর রাতে নৈশভোজের পর অন্যান্য ছাত্রীদের সঙ্গে শ্রেণিকক্ষে ঘুমিয়ে পড়লে মাদ্রাসার পরিচালক মো. আবু তালেব রাত ১২টার দিকে শিশুটিকে ঘুম থেকে ডেকে নিয়ে রান্নাঘরে ধর্ষণ করেন। পরদিন ভিকটিমের মা বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি নং- ০৪/২৫, তারিখ- ২৩/০৯/২০২৫। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।
পরে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র্যাব-১, সিপিসি-২, উত্তরা এর যৌথ আভিযানিক দল ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে। অভিযানের ধারাবাহিকতায় সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আল বারাকা বাস কাউন্টারের সামনে থেকে পলাতক আসামি আবু তালেব (৩৭) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু তালেব ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ফেলানপুর গ্রামের মৃত দরবার আলীর পুত্র। র্যাব জানায়, গ্রেফতারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম