হাইকোর্টের রায় বহাল: অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলার কার্যক্রম বাতিল

হাইকোর্টের রায় বহাল: অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলার কার্যক্রম বাতিল
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ রোববার এ আদেশ দেন। অধ্যাপক ইউনূস বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১০ সালে গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ইউনূসের একটি বক্তব্যকে কেন্দ্র করে মানহানির মামলা করা হয়। পরে ২০১১ সালে তিনি হাইকোর্টে মামলার কার্যক্রম বাতিলের আবেদন করেন। গত বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট মামলাটির কার্যক্রম বাতিল করে রায় দেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল করে। গত ২ জুলাই চেম্বার আদালত এ আবেদন ২৭ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে। আজ আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অধ্যাপক ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) তৌফিক হোসেন। আদালতের রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক জানান, আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। ফলে হাইকোর্টের রায়ই কার্যকর থাকল।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ