মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: সহমর্মিতা জানিয়ে বাংলাদেশের পাশে শাহিন–হাসান–নাসিমরা

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: সহমর্মিতা জানিয়ে বাংলাদেশের পাশে শাহিন–হাসান–নাসিমরা
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি আজ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তান ক্রিকেট দল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে শোকাহত। গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সংঘটিত এ দুর্ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আরও ২৫ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এই শোকের ছায়ায় প্রায় ম্লান হয়ে গেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের উত্তাপ। গত রোববার প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে আছে পাকিস্তান। তবে, দুর্ঘটনার পর ক্রিকেট মাঠের চেয়ে মানুষের শোক ও সংহতিই মুখ্য হয়ে উঠেছে।

পাকিস্তান দলের ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও আহতদের জন্য দোয়া প্রকাশ করেছেন। দলের প্রধান পেসার শাহিন আফ্রিদি (যিনি দলে অনুপস্থিত) এক্স-এ লিখেছেন: 'হৃদয়বিদারক ও মর্মান্তিক। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনা। পরিবারগুলো শক্তি ফিরে পাক। অলৌকিক কিছুর আশা করছি।'

ইংল্যান্ডে থাকায় দলে না থাকা পেসার হাসান আলী ফেসবুকে লিখেছেন: 'ঢাকার মর্মান্তিক খবরে শোকাহত। অনেক নিষ্পাপ প্রাণ অকালে ঝরল। হতাহত ও তাদের পরিবারের সঙ্গে আমার হৃদয়। সৃষ্টিকর্তা সবাইকে ধৈর্য দিন। আহতদের দ্রুত সুস্থতা কামনা।'

টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকলেও ওয়ানডে দলে থাকা পেসার নাসিম শাহ ফেসবুকে জানান: 'বাংলাদেশ থেকে মর্মান্তিক খবর পেলাম, যে দেশ আমার হৃদয়ের খুব কাছের। এই বিধ্বংসী দুর্ঘটনায় হতাহত, তাদের পরিবার ও আক্রান্ত সবার জন্য দোয়া। এই কঠিন সময়ে তারা শক্তি ও শান্তি ফিরে পাক।'

প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৪৪ রান করা ওপেনার ফখর জামান এক্স-এ লিখেছেন: 'ঢাকায় গতকালের মর্মান্তিক ঘটনায় খুব খারাপ লাগছে। ভুক্তভোগী পরিবার ও আক্রান্ত সবার জন্য দোয়া রইল।' বাংলাদেশ দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রাও দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

দ্বিতীয় ম্যাচে শ্রদ্ধাঞ্জলি আজ শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ম্যাচের আগে বিসিবি পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং দুই দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন। মাঠে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং গানবাজনা বন্ধ থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ