রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: রাষ্ট্রীয় শোক পালিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: রাষ্ট্রীয় শোক পালিত
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

গতকাল সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারাদেশে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

শোকের কর্মসূচি রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলায় বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের অল্প সময় পর একটি এফটি-৭ বিজিআই (FT-7 BGI) যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। বিমানবাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি চীন তৈরি। প্রাথমিকভাবে ‘যান্ত্রিক ত্রুটি’কেই দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আজ (মঙ্গলবার) সকালে এক ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, এ ঘটনায় এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ