শারীরিক অবস্থার উন্নতি, ফরিদা পারভীনকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। রবিবার (১৩ জুলাই) রাতে ফরিদা পারভীনকে কেবিনে নেওয়া হয়। তার ছেলে ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমাম জাফর নূমানী সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ইমাম জাফর নূমানী সংবাদমাধ্যমকে বলেন, “গতকাল রাতে মা’কে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। মা আগের চেয়ে ভালো আছেন। তিনি কথাও বলতে পারছেন। ডাক্তার বলেছেন ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবারও অবনতি হতে পারে। তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারেন, সবার কাছে এ দোয়াই চাই।”
তিনি আরও বলেন, “মা এখন অবজারভেশনে রয়েছেন। তাকে কিছুদিন অবজারভেশনে রাখা হবে। তিনি কবে বাসায় যেতে পারবেন তা এই মুহূর্তে বলতে পারছি না। আরও দুই-তিন পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন চিকিৎসকরা।” অন্যদিকে, ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেন, “গতকাল দুপুরের দিকে তাকে আইসিইউতে দেখতে গিয়েছিলাম। তার সঙ্গে কথাও হয়েছে। অল্প অল্প করে কথা বলতে পারছেন। ক্রমেই তার উন্নতি হচ্ছে। গতকাল রাতে তাকে কেবিনে দেওয়া হয়েছে।”
এর আগে, গত ৫ জুলাই তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ফরিদা পারভীন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানান চিকিৎসকরা। রক্ত ধরা পড়ে সংক্রমণ। কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় সপ্তাহে তিনদিন তাকে ডায়ালাইসিস করানো হয়। এ সময় তার চেতনাও কাজ করছিল না। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিল্পীকে আইসিইউতে নেওয়া হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয় মেডিকেল বোর্ড। প্রসঙ্গত, সংগীতে বিশেষ অবদানের জন্য ফরিদা পারভীন ১৯৮৭ সালে একুশে পদক পান। ১৯৯৩ সালে প্লেব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন