প্রথম পর্যায়ে মিয়ানমার ১ লক্ষ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য সম্মতি জানিয়েছে

প্রথম পর্যায়ে মিয়ানমার ১ লক্ষ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য সম্মতি জানিয়েছে
ছবিঃ সংগৃহিত

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আরও ৭০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে মিয়ানমার কর্তৃপক্ষ ফেরতযোগ্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে শনাক্ত করেছে। এছাড়া, বাকি ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাইয়ের জন্য তাদের ছবি ও নাম নিয়ে অতিরিক্ত তদন্ত চলমান রয়েছে। ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি, মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শেউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে আজ শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য দিয়েছেন। প্রধান উপদেষ্টার পোস্টে উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। মিয়ানমার নিশ্চিত করেছে যে মূল তালিকার অবশিষ্ট ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে দ্রুত যাচাই করে ফেরত নেওয়া হবে। উল্লেখ্য, বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয়টি ব্যাচে রোহিঙ্গাদের মূল তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছিল।

দৈনিক বিজয় নিউজ/ জুনায়েদ (সংগৃহিত)