"যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলা: প্রতিদিন ১০০ শিশু হতাহত"

ছবিঃ সংগৃহিত

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় শিশুদের ভয়াবহ ক্ষয়ক্ষতি: প্রতিদিন ১০০ শিশু হতাহত ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় প্রতিদিন গড়ে ১০০ ফিলিস্তিনি শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউ)-এর প্রধান ফিলিপ লাজারিনি। শনিবার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) ইসরায়েলি হামলায় ৮৬ ফিলিস্তিনি নিহত এবং ২৮৭ জনেরও বেশি আহত হয়েছেন। অক্টোবর ২০২৩ থেকে চলমান ইসরায়েলি আক্রমণে এ পর্যন্ত গাজায় ৫০ হাজার ৬০৯ জন নিহত ও এক লাখ ১৫ হাজার ৬৩ জন আহত হয়েছেন, যার মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদেসহ মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জন ছাড়িয়েছে। ইসরায়েল ১৫ মাসেরও বেশি সময় ধরে চালানো যুদ্ধের পর আন্তর্জাতিক চাপে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। কিন্তু সেই বিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই, ১৮ মার্চ থেকে তারা গাজায় পুনরায় হামলা শুরু করে। এই দ্বিতীয় দফা হামলায় মাত্র ১৫ দিনে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এদিকে, হামাসের হাতে আটক ২৫১ জন জিম্মির মধ্যে এখনও ৩৫ জন জীবিত থাকার রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল তাদের সামরিক অভিযানের মাধ্যমেই উদ্ধারের ঘোষণা দিয়েছে। সিরিয়াতেও সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে নতুন সরকার গঠনের পর থেকে বিভিন্ন সামরিক স্থাপনায় এই হামলা চলছে। এ অবস্থায় ইসরায়েলকে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে তুরস্ক।

দৈনিক বিজয় নিউজ/ জুনায়েদ