ঠাকুরগাঁওয়ে একদিনে ৩ঝুলান্ত মরদেহ উদ্ধার
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) সদর উপজেলা এবং পীরগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা গ্রামের রাজু আহমেদ, আকচা ইউনিয়নের বইগন্ডপুর গ্রামের পূজা রানী এবং পীরগঞ্জ উপজেলার করনা ছোট মহেশপুর গ্রামের আসাদুল। ঠাকুরগাঁও সদর উপজেলায় রাজু আহমেদ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) সকালে উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা গ্রামে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, রাজু আহমেদ দুই বছর আগে লস্করা পুকুরপাড়ার আব্দুল খালেকের মেয়ে রানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন তিনি। ২২ মার্চ রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে দুজন আলাদা ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে রানী স্বামীকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পান। পরিবারের সদস্যরা দরজা ভেঙে রাজুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি স্বামী-স্ত্রীর মাঝে কলহের জের ধরেই রাজু আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে সদর উপজেলায় পূজা রানী নামের এক কিশোরী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) মধ্যরাতে উপজেলার আকচা ইউনিয়নের বইগন্ডপুর গ্রামে নিজ বসত ঘরে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। স্থানীয়দের ধারণা, মানসিক চাপ থেকে আত্মহত্যা করেছেন তিনি। সদর থানার ওসি বলেন, কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রকৃত কারণ জানার চেষ্টা করছি। এছাড়া পীরগঞ্জ উপজেলার আসাদুল নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) সকালে উপজেলার করনা ছোট মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, ২২ মার্চ রাতে আসাদুল তার মায়ের কাছে খাবার চাইলে মা বকাঝকা করেন। এতে অভিমান করে সে বাড়ি থেকে কিছু দূরে গিয়ে গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মায়ের সামান্য বকুনিতে শিশুটি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে আরও তদন্ত করা হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম