চাঁদাবাজির অভিযোগে রাজাপুর উপজেলা বিএনপির সম্পাদককে শোকজ

চাঁদাবাজির অভিযোগে রাজাপুর উপজেলা বিএনপির সম্পাদককে শোকজ
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনকে চাঁদাবাজির অভিযোগে শোকজ করেছে জেলা বিএনপি। ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত শোকজ নোটিশটি বুধবার সন্ধ্যায় দেওয়া হয়।নোটিশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির সদস্যের কাছে চাঁদা দাবি ও হুমকির বিষয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় আপনার (নাসিম আকন) নামে সংবাদ প্রকাশিত হয়েছে।

ঝালকাঠি জেলা বিএনপির অধীনে রাজাপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকাবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ থাকায় দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাকে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে কেন অব্যাহতি দেওয়া হবে না। তার উপযুক্ত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঝালকাঠি জেলা বিএনপির কাছে দেওয়ার নির্দেশনা দেওয়া হলো।এ বিষয়ে নাসিম উদ্দিন আকন বলেন, ‘আমার বিরুদ্ধে শোকজ নোটিশ তারা দিতেই পারে। আমিও তার উপযুক্ত জবাব দেব। তবে আমার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়েছে তা মোটেও সত্যি নয়। আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তারা এই অপপ্রচার চালাচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ