ময়নামতিতে মাদকের ভয়াবহ থাবা: নেশার টাকা জুটাতে গিয়ে বিস্ফোরণে ঝলসে হাসপাতালে ট্রান্সফরমার চোর
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন ও এর আশপাশের চরাঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তারের কারণে আশঙ্কাজনক হারে বেড়েছে তার ও ট্রান্সফরমার চুরির ঘটনা। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হতে হচ্ছে চোরচক্রের সদস্যদের।
এর সবশেষ ভয়াবহ ঘটনাটি ঘটে বুড়িচংয়ের দেবপুর ফাঁড়ির অধীনস্থ ভারেল্লা উত্তর ইউনিয়নের রামপুর-ভারেল্লা চরাঞ্চলে। সেখানে রাতের আঁধারে চালু বিদ্যুৎ লাইন থেকে ট্রান্সফরমার খুলতে গিয়ে বিকট বিস্ফোরণে এক চোর গুরুতর আহত ও ঝলসে গেছেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, ময়নামতি ও আশপাশের এলাকায় মাদক সেবীদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। প্রতিদিনের নেশার মোটা অঙ্কের টাকা জুটাতে উঠতি বয়সের যুবকরা চুরির পথ বেছে নিচ্ছে। বিশেষ করে রাতের বেলা নির্জন এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার, তার ও মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করাই এখন এদের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ হারানোর চরম ঝুঁকি জেনেও নেশার তাড়নায় তারা এমন আত্মঘাতী কাজে লিপ্ত হচ্ছে।
এলাকাবাসীর মতে, এই ট্রান্সফরমার চুরির পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করছে এলাকার অবাধ মাদক ব্যবসা। মাদক বন্ধ না হলে এ ধরনের চুরির উপদ্রব ও ঝুঁকিপূর্ণ দুর্ঘটনা থামানো সম্ভব নয়। ট্রান্সফরমার চুরির কারণে একদিকে যেমন পুরো এলাকা অন্ধকারে ডুবে গিয়ে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে বিদ্যুৎ বিভাগও প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ অবস্থায় ময়নামতি ও ভারেল্লা অঞ্চলের সর্বস্তরের জনগণ এবং সচেতন মহল অবিলম্বে বুড়িচং থানা পুলিশ, দেবপুর পুলিশ ফাঁড়ি ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। দ্রুত সময়ের মধ্যে এলাকার মাদক স্পটগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা এবং চোরচক্রের মূল হোতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর তাগিদ দিয়েছেন তারা।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ