হোমনার দুলালপুর ইউনিয়নে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ সজিব সওদাগর
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন মোঃ সজিব সওদাগর। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া তাঁকে দুলালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সেলিম মাস্টার।
মোঃ সজিব সওদাগর হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিকালমিনা গ্রামের বাসিন্দা। তিনি দুলালপুর ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মরহুম মতিন সওদাগরের বড় ছেলে। এছাড়া তিনি হোমনা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং দুলালপুর বাজার কমিটির সভাপতি মোঃ কামাল মিয়া প্রধানের জামাতা।
বিএনপির সমর্থন পাওয়ার পর মোঃ সজিব সওদাগর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আমাকে সমর্থন করায় কুমিল্লা-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তাঁর এই আস্থা ও বিশ্বাস আমার জন্য অত্যন্ত সম্মান ও দায়িত্বের বিষয়।
তিনি আরও বলেন, এই সমর্থন শুধু একটি পদপ্রাপ্তির বিষয় নয়, বরং দুলালপুর ইউনিয়নের মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আমার বাবা মরহুম মতিন চেয়ারম্যান দুলালপুর ইউনিয়নবাসীর সেবায় কাজ করে গেছেন। আমিও আমার বাবার আদর্শ অনুসরণ করে ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে সজিব সওদাগর বলেন, আমি চেয়ারম্যান পদে বিজয়ী হলে দুলালপুর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার, জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠন এবং মাদকমুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠায় কাজ করব। সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। পাশাপাশি বিএনপি ও মাননীয় সংসদ সদস্যের হাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখব।
তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, আমি আপনাদের সবার দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, আপনারা আমাকে চেয়ারম্যান পদে বিজয়ী করে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দিবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকব।
এদিকে, দুলালপুর ইউনিয়নে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ সজিব সওদাগরের নাম সামনে আসার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও মনোনয়ন প্রত্যাশী অন্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে যারা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে মাঠে সক্রিয় ছিলেন, তাদের প্রত্যাশা পূরণ না হওয়ায় নেতাকর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ ও আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ