ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সরঞ্জাম বিতরণের প্রস্তুতি, নিরাপত্তায় ৫৩০০ সদস্য
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রশাসন, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। ভোটগ্রহণের সার্বিক কার্যক্রম পরিচালনায় প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। নির্বাচন ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫ হাজার ৩০০ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও টহল জোরদার রাখার প্রস্তুতিও রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এরপর থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীদের সব ধরনের প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে নেওয়ার হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এখন ভোটারদের মধ্যে ভোটগ্রহণের অপেক্ষা বিরাজ করছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের ভোটের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের পরবর্তী জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম