মিথ্যা অভিযোগে সাকিব গ্রেপ্তার, ষড়যন্ত্রের শিকার দাবি পরিবার ও এলাকাবাসীর
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে কলেজছাত্র মনিরুলকে মারধর, নির্যাতন ও এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতা মো. সাইফুর রহমান সাকিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তার পরিবারের সদস্য ও এলাকাবাসী। তাদের দাবি, মনিরুলকে মারধর বা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নেওয়ার ঘটনায় সাকিব জড়িত নন। বরং ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তাদের। এলাকাবাসীর ভাষ্য, গত ৪ অক্টোবর গভীর রাতে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বসাক বাজার এলাকায় এক কিশোরীর সঙ্গে দেখা করতে এসেছিলেন মনিরুল। ওই কিশোরী সাকিবের ভাতিজি বলে দাবি তাদের। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মা"র"ধর করে বলে জানান তারা। তবে অপহরণ এবং মুক্তিপণের অভিযোগ নিয়ে রয়েছে ভিন্ন বক্তব্য।
মোহাম্মদপুর এলাকার বাসিন্দা হারুন প্যাদা বলেন, ‘সেদিন রাতে ওই পোলায় একটা মেয়ের সাথে দেখা করতে আসছিল। কেন সে অন্য এলাকা থেকে এখানে আসলো? তারে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। তারপর খবর পাইয়া অন্যান্য লোকজনের সাথে সাকিবও গেছে। বাড়ির মান ইজ্জত বাচাইতে ওই ছেলেকে সেসময় পুলিশে দেওয়া হয় নাই। এই টাকা পয়সা বা মোবাইল টোবাইল নেওয়া এগুলা সব ভুং ভাং। তার কোনো মোবাইল বা টাকা পয়সা নেয়া হয়নাই। সাকিবের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা।’ স্থানীয় বাসিন্দা মজিবর মাদবর বলেন, ‘আমরা ডাকাডাকি শুনে সেখানে গেছি। সাকিবেরেও তো আমরাই ডেকে নিয়ে গেছি। ওই বাড়িটা আমাদের থেকে একটু দূরে। ওই ছেলে আরও কান্নাকাটি করে আমার ভুল হইয়া গেছে আমারে ছাইড়া দেন, আমি চইলা যাই। তারপর ছাড়া হইছে।’
আরেক বাসিন্দা বেলাল হাওলাদার বলেন, সাকিবের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, সাকিব কোনো টাকা নেননি। এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান তিনি। সাকিবের পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক এবং অভিযোগের সত্যতা যাচাই করা হোক। যে অভিযোগে গ্রেপ্তার সাকিব উল্লেখ্য, কলেজছাত্র মনিরুলকে তুলে নিয়ে মারধর, নির্যাতন এবং তার পরিবারের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় গত ৭ অক্টোবর পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ও ছাত্রদল নেতা মো. সাইফুর রহমান সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অভিযোগ ও ভুক্তভোগী মনিরুলের বক্তব্য অনুযায়ী, গত ৪ অক্টোবর রাতে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বসাক বাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার ব্যবহৃত Samsung S25 Ultra মুঠোফোনটিও নিয়ে নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মনিরুলের দাবি, পরে তার পরিবারের কাছ থেকে এক লাখ টাকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে গ্রেপ্তারের আগে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন সাইফুর রহমান সাকিব। সে সময় তিনি বলেছিলেন, ‘আমরা মনিরকে কোনো মারধর করিনি। গভীর রাতে মনির আমাদের এলাকার এক প্রতিবেশীর মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। তার কাছ থেকে কোনো মোবাইল বা টাকা নেওয়া হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।’ এদিকে, গ্রেপ্তারের পর পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কলেজছাত্র নির্যাতনের মামলায় সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী