সিরাজগঞ্জে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় ‘কমন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি’ উদ্বোধন

সিরাজগঞ্জে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় ‘কমন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি’ উদ্বোধন
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে স্থাপিত বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার ‘কমন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি’ (কেন্দ্রীয় বর্জ্য শোধন কেন্দ্র)-এর উদ্বোধন হয়েছে সিরাজগঞ্জে। এই প্ল্যান্ট চালু হওয়ার মাধ্যমে হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে উৎপন্ন সংক্রামক বর্জ্য নিরাপদভাবে ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হলো। রবিবার (১২ জুলাই ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO)-এর কারিগরি সহযোগিতা এবং নরওয়ে সরকারের অর্থায়নে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রীয় বর্জ্য শোধন কেন্দ্রের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি। এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিডো (UNIDO)-এর জাতীয় বিশেষজ্ঞ এস এম জুবায়ের বিন আরাফাত। ইউনিডোর ভিয়েনা কার্যালয়ের সার্কুলার রিসোর্স এফিসিয়েন্সি ইউনিট প্রধান জেরোম স্টুকি ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন। ঢাকায় নিযুক্ত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেনও ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা প্রদান করেন অনুষ্ঠানে এসময়ে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, জেলা প্রশাসকের কার্যালয়ের  (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফান নজমু,  সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। এ সময় বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নবনির্মিত এই প্ল্যান্ট বছরে প্রায় ৯৫০ টন বায়োমেডিক্যাল বর্জ্য নিরাপদভাবে শোধন ও ব্যবস্থাপনা করতে সক্ষম হবে। এর মাধ্যমে সিরাজগঞ্জসহ আশপাশের প্রায় ৩০ লাখ মানুষের সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাসপাতাল ও ক্লিনিক থেকে ছড়িয়ে পড়া ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য নিরাপদভাবে অপসারণের ফলে জনস্বাস্থ্য সুরক্ষায় এটি একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিডোর (UNIDO) প্রজেক্ট ম্যানেজার (ভিয়েনা) ড. রানা প্রতাপ সিং। অনুষ্ঠানে জানানো হয়, বেসরকারি উন্নয়ন সংস্থা স্বপ্ন প্ল্যান্টটির পরিচালনার দায়িত্ব পালন করবে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. জিয়াউর রহমান এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন। বক্তারা বলেন, আধুনিক এই কেন্দ্রীয় বর্জ্য শোধন কেন্দ্র শুধু সিরাজগঞ্জের জন্য নয়, দেশের স্বাস্থ্যখাতে নিরাপদ বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার একটি মডেল হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে দেশের অন্যান্য জেলাতেও এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম করবে।

দৈনিক বিজয় নিউজ/মোঃ হোসেন আলী ছোট্ট