ফ্যামিলি কার্ড ইস্যূতে যে কোনো অভিযোগ কঠোর হাতে দমনের হুঁশিয়ারি এমপি মিলনের
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর পবা-মোহনপুর এলাকায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট Shafiqul Haque Milon। তিনি বলেন, এ ধরনের দুর্নীতি বা ঘুষ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুরে বিসিক এলাকায় তার দলীয় কার্যালয়ে পবা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য বলেন, ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে যদি কেউ সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করে, তাহলে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখার নির্দেশ দেন তিনি এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে বলেন। তিনি স্পষ্টভাবে জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। তিনি আরও বলেন, ভবিষ্যতে সব ধরনের লেনদেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। কোনো ব্যক্তি বা দালালের মাধ্যমে নয়, বরং সরকারি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ফ্যামিলি কার্ডের ফরম বিতরণ করা হবে।
এমপি মিলন জানান, ধীরে ধীরে নগদ টাকার প্রচলন কমিয়ে এনে ফ্যামিলি কার্ড বা স্মার্ট কার্ডের মাধ্যমে সব ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং দুর্নীতির সুযোগ কমে আসবে। তিনি প্রতিশ্রুতি দেন, জাতীয় সংসদে পবা-মোহনপুরসহ রাজশাহী ও দেশের মানুষের মৌলিক সমস্যা ও উন্নয়ন বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি আগামীর বাংলাদেশ গড়তে Tarique Rahman-এর হাতকে শক্তিশালী করতে তিনি জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। পবা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের এ কর্মী সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী। এছাড়াও রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন