নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে মাওলানা কবির উদ্দিনের বসতঘর পুড়ে ছাই
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান নাইক্ষ্যংছড়ি'র মধ্যম বাইশারী ৭নং ওয়ার্ডের মাওলানা কবির উদ্দিনের বসতঘর পুড়ে ছাই, বৃহস্পতিবার ভোর আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে ঘর থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন বসতঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকলেও দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মাওলানা কবির উদ্দিন জানান, আগুনে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সবকিছু এক নিমিষেই শেষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে চরম বিপদে খোলা আকাশে নিচে জীবন যাপন করতে হচ্ছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আগুন নিজে থেকেই নিভে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এলাকাবাসী দ্রুত সরকারী ও বেসরকারী সহায়তার দাবি জানিয়েছেন। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও একটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে, যা এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি