যুক্তরাষ্ট্রের জাতিসংঘ ও ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা
রয়টার্স ওয়াশিংটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গত বুধবার তিনি এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, "এই সংস্থাগুলো মার্কিন জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করে।"
ট্রাম্পের প্রত্যাহার তালিকায় উল্লেখযোগ্য রয়েছে একটি প্রধান জলবায়ু চুক্তি এবং জাতিসংঘের একটি সংস্থা যা লৈঙ্গিক সমতা ও নারীর ক্ষমতায়নে কাজ করে। বুধবার প্রকাশিত একটি স্মারকে এ সংস্থাগুলোর নাম উল্লেখ করা হয়, যাতে জাতিসংঘের ৩১টি ও জাতিসংঘ বহির্ভূত ৩৫টি সংস্থা অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘের তালিকায় রয়েছে ইউএনএফসিসিসি (জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো সম্মেলন), যাকে বহুলাংশে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।
গত বছর যুক্তরাষ্ট্র তিন দশকের মধ্যে প্রথমবারের মতো জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করেনি। স্মারকে স্পষ্ট করা হয়েছে, "জাতিসংঘের সংস্থাগুলো থেকে প্রত্যাহার বলতে আইনগতভাবে সেই সংস্থাগুলোতে অংশগ্রহণ ও অর্থায়ন বন্ধ করাকে বোঝায়।" ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিলের সভাপতি মনীশ বাপনার মতে, "যুক্তরাষ্ট্র ইউএনএফসিসিসি থেকে সরে আসা প্রথম দেশ হবে।"
এছাড়াও যুক্তরাষ্ট্র ইউএন উইমেন (লৈঙ্গিক সমতা ও নারীর ক্ষমতায়নের সংস্থা) এবং ইউএনএফপিএ (জাতিসংঘ জনসংখ্যা তহবিল) থেকেও সরে আসবে। গত বছরই যুক্তরাষ্ট্র ইউএনএফপিএ’র অর্থায়ন উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছিল। ট্রাম্প ইতিমধ্যে এই অধিকাংশ সংস্থার জন্য তহবিল কমিয়েছিলেন। এই সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক সংস্থা, বিশেষত জাতিসংঘের প্রতি তাঁর দীর্ঘদিনের সন্দেহের প্রতিফলন। তিনি বহুবার এই সংস্থাগুলোর কার্যকারিতা, ব্যয় ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং যুক্তি দিয়েছেন যে এগুলো প্রায়শই যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়।
এক বছর আগে তাঁর দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে তিনি জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন, ইউএনআরডাব্লিউ-এর তহবিল স্থগিত করেছেন, ইউনেসকো থেকে বেরিয়ে গেছেন এবং ডব্লিউএইচও ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার পরিকল্পনা ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রত্যাহার তালিকায় অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো: ইউএনসিটিএডি (জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন), আইইএফ (আন্তর্জাতিক জ্বালানি ফোরাম), ইউএনআরসিএ (জাতিসংঘ সাধারণ অস্ত্র নিবন্ধন) এবং ইউএন পিসবিল্ডিং কমিশন (জাতিসংঘ শান্তি সংস্থাপন কমিশন)।
দৈনিক বিজয় নিউজ/ ওয়াশিংটন