বৈদেশিক মুদ্রা জটিলতায় টিএমএসএস অ্যাপারেলস : হাজারো নারী শ্রমিকের কর্মসংস্থান রক্ষায় জরুরি উদ্যোগ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
দেশে শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত নারী ক্ষমতায়নের লক্ষ্যে টিএমএসএস-এর রূপকল্প “হাস্যোজ্জ্বল নারী সমাজ” বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে গাজীপুর জেলার টঙ্গীর সাতাইশ এলাকায় অবস্থিত টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড। তবে অভিজ্ঞতার ঘাটতিজনিত কিছু সিদ্ধান্তের কারণে বর্তমানে প্রতিষ্ঠানটি গুরুতর বৈদেশিক মুদ্রা জটিলতার মুখে পড়েছে। আজ ৬ জানুয়ারি এক বিশেষ জরুরী সভায় প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড পরিচালনার প্রাথমিক পর্যায়ে বেতনভুক্ত জনবল দ্বারা পরিচালনাকালে ট্যাক্স বিডি, লিয়েন ফ্যাশান ও ময়মনা নামক তিনটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ও বায়িং হাউসকে বাকিতে রপ্তানিযোগ্য মূল্যবান পোশাক বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখনো বৈদেশিক মুদ্রা দেশে প্রত্যাবর্তন করেনি। এর ফলে প্রায় ১,৭৪,৭৯৩.৮৫ মার্কিন ডলার ব্যাংকে ওভারডিউ হিসেবে প্রদর্শিত হচ্ছে, যা কার্যত অর্থ পাচারের ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিস্থিতির কারণে বর্তমানে টিএমএসএস অ্যাপারেলস লিমিটেডের পরিচালনাকারী চীনা প্রতিষ্ঠান মিলা কোম্পানি কাঁচামাল আমদানি এবং প্রস্তুত পোশাক রপ্তানিতে নানাবিধ জটিলতার সম্মুখীন হচ্ছে। সমস্যাটি নিরসন না হলে কারখানায় কর্মরত হাজার হাজার নারী শ্রমিকের জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ভূত সংকট নিরসনে ৬ জানুয়ারি চীনা মিলা কোম্পানির প্রতিনিধি জিমি, লিও ও রাকিব এর সঙ্গে টিএমএসএস কর্তৃপক্ষের ঢাকায় এক দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টিএমএসএস-এর পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক আধুনিক টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, টিএমএসএসের পরিচালক ড. ফাতেমা খাতুন রিমা, হাবিব তালুকদার এবং ইঞ্জিনিয়ার তাহসান প্রমূখ। আলোচনার মাধ্যমে সমস্যার মূল কারণ হিসেবে বাকিতে পণ্য গ্রহণকারী উক্ত তিনটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের দায় চিহ্নিত করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। কারখানায় কর্মরত হাজারো নারী শ্রমিকের হাস্যোজ্জ্বল মুখ এবং তাদের জীবিকার গুরুত্ব বিবেচনায় নিয়ে টিএমএসএস-এর নির্বাহী পরিচালক ও ডিরেক্টর, এক্সিকিউটিভ সেক্রেটারিয়েট বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাধানের নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মহলের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই জটিলতা নিরসন হলে টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড আবারও স্বাভাবিক উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে ফিরতে পারবে এবং নারী শ্রমিকদের কর্মসংস্থান নিরাপদ থাকবে। এ সময় সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান