মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কুমিল্লায় একদিনে ৫৪ অভিযানে আটক ১৩০

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কুমিল্লায় একদিনে ৫৪ অভিযানে আটক ১৩০
ছবি : সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

​মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৫৪টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত ২৪ ঘণ্টার এই ঝটিকা অভিযানে ১৮ কেজি গাঁজা ও ৪৪৩ পিস ইয়াবাসহ সর্বমোট ১৩০ জনকে আটক করা হয়েছে। ​কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম-এর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল থানা এবং ডিবি পুলিশের যৌথ উদ্যোগে এই ব্যাপক অভিযান পরিচালিত হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের টার্গেট করে এই অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা এবং ৪৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই মাদক উদ্ধারের ঘটনায় ১০ জন মাদক ব্যবসায়ী ও ২৫ জন মাদক সেবনকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এর পাশাপাশি বিভিন্ন নিয়মিত মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত আরও ৯৫ জনসহ মোট ১৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়, পরবর্তীতে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে অপরাধীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​জেলা পুলিশ জানিয়েছে, একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে এই নিরলস অভিযান অব্যাহত থাকবে। তবে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এককারণে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। ​মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ