নীলফামারীর ডিমলা উপজেলায় কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান প্রশিক্ষণের অংশ হিসাবে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ১০ দিনব্যাপী কলেজভিত্তিক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ'র দিকনির্দেশনায় এবং রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আবদুল আউয়ালের সার্বিক তত্ত্বাবধানে সারাদেশ ব্যাপী কলেজভিত্তিক প্রশিক্ষণের অংশ হিসেবে নীলফামারী জেলার ডিমলায় এ কর্মসূচি পরিচালিত হয়। ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের মোট ৭০ জন ভিডিপি সদস্য-সদস্যা এ ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান। তিনি আইনশৃঙ্খলা রক্ষা, জাতি ও দেশগঠন এবং সমাজসেবামূলক কাজে তরুণ সমাজকে আনসার ও ভিডিপির শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। আলোচনা সভা শেষে তিনি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে প্রশিক্ষণ সনদ ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিমলা উপজেলা কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনা ও পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা নুরতাজ খাতুন। এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় বিভিন্ন ইউনিয়নের দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার, ভিডিপি'র পুরাতন সদস্য, সদস্যা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান