সল্লাবাদ আদর্শ ইসলামীয়া এবতেদায়ী মাদ্রাসায় ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি অংশের ভোটাররা দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগে নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। তাদের দাবি, ভয়ভীতি ও বিভিন্ন বাধার কারণে অতীতে তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি।
এ অবস্থায় ৩ নম্বর ওয়ার্ডের ওই অংশের ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ আদর্শ ইসলামীয়া এবতেদায়ী মাদ্রাসায় ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে আয়োজিত গণশুনানিতে স্থানীয় ভোটাররা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট মাদ্রাসায় ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানান। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কাররুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল হক তানভীরসহ সংশ্লিষ্ট এলাকার ভোটার ও স্থানীয় ব্যক্তিরা।
গণশুনানিতে ৩ নম্বর ওয়ার্ডের বঞ্চিত ভোটাররা বলেন, তাদের দীর্ঘদিনের ভোটাধিকার নিশ্চিত করতে হলে এমন একটি স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা প্রয়োজন, যেখানে তারা নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত করে ভোট দিতে পারবেন। এ জন্য তারা সল্লাবাদ আদর্শ ইসলামীয়া এবতেদায়ী মাদ্রাসাকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ অথবা ভোটকেন্দ্রটি সেখানে স্থানান্তরের দাবি জানান।
স্থানীয়দের দাবি, বিষয়টি সরেজমিন তদন্ত, সংশ্লিষ্ট নথিপত্র এবং ভোটারদের বক্তব্য বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক। কোনো পক্ষের প্রতি নয়, বরং সাধারণ ভোটারদের মৌলিক ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা তাদের।
দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে সংশ্লিষ্ট ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা বাধা ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সল্লাবাদ আদর্শ ইসলামীয়া এবতেদায়ী মাদ্রাসায় ভোটকেন্দ্র স্থানান্তরের মাধ্যমে সেই সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল আমিন