দুমকিতে সাবেক চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকী উপজেলায় লেবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ আলম আকনের গোয়ালঘর ও কবুতরের বাসায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোররাতে হঠাৎ করে সাবেক চেয়ারম্যানের বাড়ির গোয়ালঘরের দিকে আগুন জ্বলতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনে গোয়ালঘর, কবুতরের বাসা ও সেখানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি দুর্বৃত্তদের দ্বারা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। আগুন লাগার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী