ভাড়া বাসায় স্বামীর হাতে স্ত্রী খুন

ভাড়া বাসায় স্বামীর হাতে স্ত্রী খুন
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

ঢাকার ধোলাইখালে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, গ্রামে বিক্ষোভ ও মানববন্ধন পটুয়াখালীর গলাচিপা উপজেলার আলিপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জুয়েল মির্ধা ওরফে জিকরুলের বিরুদ্ধে ঢাকায় ভাড়া বাসায় তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জিকরুল তার স্ত্রীকে নিয়ে ঢাকার ধোলাইখালপার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে স্ত্রীর ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে একাধিক আঘাত করা হয় এবং গুরুতরভাবে আহত অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনদের দাবি।

ঘটনার খবর গ্রামের বাড়ি আলিপুরায় পৌঁছালে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা না হওয়ায় স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষুব্ধ কয়েকজনের বিরুদ্ধে জিকরুলের বাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এলাকাবাসীর কয়েকজন বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা না হলে অপরাধীরা উৎসাহিত হতে পারে। তবে বাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনাও আইন অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী