পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।আজ মধ্যে রাতে পটুয়াখালী বসক বাজারের ধলু গাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বরগুনা থেকে ছেড়ে আসা ইমরান পরিবহনের একটি বাস মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটো গাড়িকে ধাক্কা দেয়। এতে অটো গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোতে থাকা তিন যাত্রী নিহত হন। নিহত দুই নারীর মধ্যে একজন সনাতন ধর্মাবলম্বী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর ইমরান পরিবহনের বাসটিও সড়কের পাশে উল্টে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় জনতা উদ্ধারকাজে এগিয়ে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার ও পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করেন। এদিকে, খাদে আরও কোনো যাত্রী আটকা পড়েছেন কি না বা অতিরিক্ত কেউ নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজও অব্যাহত থাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী