বুড়িচংয়ে ৩৩০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস জলাশয়ে ৩৩০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বুড়িচং উপজেলা কমপ্লেক্স পুকুরে পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন এমপি বলেন, মৎস্যচাষীদের প্রণোদনা দেওয়া হবে এবং উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় আনা হবে। কৃষিমন্ত্রীর সহযোগিতা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মৎস্য ও কৃষিখাতের উন্নয়ন করা হবে।
তিনি বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আমার প্রতিনিধিত্ব করেন। তাই সবার সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে দুই উপজেলার উন্নয়ন করা হবে।” জসিম উদ্দিন এমপি আরও বলেন, ব্রাহ্মণপাড়ায় ২৫ কোটি টাকার রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বুড়িচংয়েও ২৫ কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন করা হবে। চলতি বছর বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়নকাজ করা হবে। তিনি আরও বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে সন্ত্রাস, ইভটিজিং ও মাদকমুক্ত এলাকায় রূপান্তর করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসী, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, মো. আবু নাছের মুন্সী, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া, জাতীয়তাবাদী ছাত্রদল বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ভূইয়া, ফিড ব্যবসায়ী মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সরকারি খাস জলাশয় ও উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যচাষীদের উৎসাহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ