শিল্প-বাণিজ্য ও গণমাধ্যমের সহযোগিতা নিয়ে আর আর ইম্পেরিয়ালের সিইওর সঙ্গে ড. খান আসাদুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

শিল্প-বাণিজ্য ও গণমাধ্যমের সহযোগিতা নিয়ে আর আর ইম্পেরিয়ালের সিইওর সঙ্গে ড. খান আসাদুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

দেশের শীর্ষস্থানীয় কেবল উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান আর আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও দূরদর্শী ব্যক্তিত্ব মাহবুব হোসাইন মৃধা এবং পরিচালক এ. এন. এম. মনজুর মোরশেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ সমাচার'র সম্পাদক ও প্রকাশক প্রজ্ঞাবান, জ্ঞানবান, বহুশিল্প প্রতিভার অধিকারী ড. খান আসাদুজ্জামান। সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে দৈনিক বাংলাদেশ সমাচার'র সহকারী সম্পাদক ব্যারিস্টার সানজার উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি দেশের শিল্প-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, ব্যবসায়িক অগ্রগতি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং গণমাধ্যম ও শিল্পখাতের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি উঠে আসে। পাশাপাশি সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি এবং শিল্পখাতের সঙ্গে গণমাধ্যমের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আলোচনায় মাহবুব হোসাইন মৃধা দেশের শিল্পখাতের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সাফল্য ও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার বিষয়েও মতামত বিনিময় করা হয়। ঢাকার আর আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড দেশের কেবল উৎপাদন ও সরবরাহ খাতে একটি পরিচিত প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তি, গুণগত মান ও নির্ভরযোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক কেবল ও সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। দেশের অবকাঠামো উন্নয়ন, আবাসন, শিল্প ও বিদ্যুৎ খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।দক্ষ জনবল, মানসম্মত উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে দেশের বৈদ্যুতিক পণ্য ও কেবল শিল্পে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। সৌজন্য সাক্ষাৎটি দেশের শিল্প-বাণিজ্য ও গণমাধ্যম অঙ্গনের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান