চার দশকের সংগ্রাম ও সাফল্যের পথ পেরিয়ে কুমিল্লায় জমজমাট বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে এক উৎসবমুখর, প্রাণবন্ত ও সুধী সমাবেশে মুখরিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে জনগণের গণতান্ত্রিক অধিকার ও মুক্তির লড়াইয়ে দলের আপসহীন ভূমিকা এবং সংগ্রামের ইতিহাস স্মরণ করে বক্তারা একটি সমৃদ্ধ ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব হাজী আমিন-উর- রশিদ ইয়াছিন বলেন, দেশের মাটি ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগ ও দীর্ঘ লড়াই ইতিহাসের পাতায় অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপুর প্রাণবন্ত সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) জনাব মোস্তাক মিয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রাজিউর রহমান রাজিব।
এ সময় কুমিল্লা মহানগর বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষ পর্যায়ে গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। "করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ