ঢাকায় এআই প্রশিক্ষণে আনসার-ভিডিপি, ডিজিটাল রূপান্তরে নতুন মাইলফলক

ঢাকায় এআই প্রশিক্ষণে আনসার-ভিডিপি, ডিজিটাল রূপান্তরে নতুন মাইলফলক
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর সদস্যদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উপর আয়োজিত ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ আনসার ও ভিডিপি'র ঢাকার খিলগাঁও সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি বর্তমানে এনালগ থেকে ডিজিটাল যাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী, গতিশীল ও কার্যকর করতে ডিজিটাল রূপান্তরের এ ধারাকে আরও এগিয়ে নিতে হবে। এ জন্য প্রশিক্ষণ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ডিজিটাল কনটেন্ট ও আধুনিক প্রশিক্ষণ উপকরণের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, আধুনিক ডিজিটাল প্রযুক্তি ও উপস্থাপনা পদ্ধতির মাধ্যমে প্রশিক্ষণকে আরও সহজ, আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলা সম্ভব। প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ উপকরণের কার্যকর ব্যবহারে প্রশিক্ষণের মান ও গ্রহণযোগ্যতা বাড়ার পাশাপাশি বাহিনীর সার্বিক কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।

মহাপরিচালক বাহিনীর অপারেশনাল কার্যক্রম, জননিরাপত্তা, সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও প্রতিরোধমূলক উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রম জনগণের সামনে কার্যকর, আকর্ষণীয় ও ইতিবাচকভাবে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাহিনীর সাফল্য ও মানবিক উদ্যোগগুলোকে গুরুত্ব দিয়ে মানসম্মত, তথ্যনির্ভর ও সময়োপযোগী কনটেন্ট তৈরি করতে হবে। একই সঙ্গে গণমাধ্যম ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এসব কনটেন্ট যথাযথভাবে প্রচার করতে হবে। মহাপরিচালক আরও বলেন, কনটেন্টকে আরও গ্রহণযোগ্য, আকর্ষণীয়, তথ্যবহুল ও সময়োপযোগী করে উপস্থাপনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই বাহিনীর মিডিয়া কার্যক্রমে এআইয়ের দায়িত্বশীল, সৃজনশীল ও কার্যকর ব্যবহার নিশ্চিত করে বাহিনীর বিভিন্ন কার্যক্রমের ইতিবাচক চিত্র জনগণের সামনে তুলে ধরতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ আনসার ও ভিডিপির মিডিয়া সেলের রেঞ্জভিত্তিক প্রতিনিধিসহ মোট ৪২ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

প্রশিক্ষণ কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করতে Cloud Connect ও Learning Bangladesh সহযোগিতা করে। অনুষ্ঠানে মহাপরিচালক প্রতিষ্ঠান দুটির ইনস্ট্রাক্টর টিমের আন্তরিকতা, দক্ষতা ও প্রশিক্ষণ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। প্রশিক্ষণের মাধ্যমে মিডিয়া সেলের সদস্যদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক প্রযুক্তি, ডিজিটাল কনটেন্ট তৈরি ও উপস্থাপনার বিষয়ে দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে বাহিনীর বিভিন্ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ ও গুরুত্বপূর্ণ বার্তা দ্রুত, আকর্ষণীয় ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রাও আরও বেগবান হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান