ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য নির্বাচিত হলেন পাবনার বিএনপি নেতা শিল্প উদ্যোক্তা হাজী ইউনুস আলী
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) বোর্ডে শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউনুস আলী। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 'পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬'-এর ধারা ৬(১) অনুযায়ী তাকে ঢাকা ওয়াসা বোর্ডের এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ আগষ্ট স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। হাজী মোহাম্মদ ইউনুস আলী পাবনার বেড়া উপজেলার নাকালিয়া এলাকার মৃত কিসমত আলী ও রহিমা খাতুনের সন্তান। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, মোঃ ইউনুস আলীকে ঢাকা ওয়াসা বোর্ডে শিল্প ও বাণিজ্যিক খাতের প্রতিনিধি হিসেবে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। ব্যবসায়িক পরিচয়ের বাইরেও হাজী মোহাম্মদ ইউনুস আলী জাতীয় রাজনীতিতে একজন পরিচিত মুখ।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় শীর্ষপর্যায়ের নেতৃত্বের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। পাবনার সাঁথিয়া ও বেড়া এলাকার রাজনীতিতে দীর্ঘ দিন ধরে সক্রিয় থাকা এই নেতা জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে যেমন আলোচনায় থেকেছেন, তেমনি রাজপথের আন্দোলন-সংগ্রামেও তিনি ছিলেন অগ্রভাগে। রাজনীতির পাশাপাশি একজন সাদা মনের মানুষ, নিবেদিতপ্রাণ সমাজসেবক ও জনসেবক হিসেবে এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে। পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলের অবহেলিত মানুষের সুখে-দুঃখে সর্বদাই পাশে থেকে তিনি জয় করে নিয়েছেন তাদের আস্থা ও ভালবাসা। এলাকার সাধারণ মানুষ তাকে বিবেচনা করেন নিজেদের পরম আপনজন হিসেবে। দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, বস্ত্র ও খাদ্য বিতরণসহ শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা প্রদানের মাধ্যমে মানবিক কাজের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় এলাকার মানুষের পাশাপাশি ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে আনন্দের আবহ তৈরি হয়েছে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় তাকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, হাজী ইউনুস আলী তার সততা, অভিজ্ঞতা এবং জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি দিয়ে ওয়াসা বোর্ডের দায়িত্ব অত্যন্ত সফলভাবে পালন করবেন। ওয়াসার নীতিনির্ধারণী এই বোর্ডে ব্যবসায়ী সমাজের প্রতিনিধি হিসেবে তার অন্তর্ভুক্তির ফলে সংস্থাটির সার্বিক কার্যক্রমে আরও গতিশীলতা ও কার্যকর ভূমিকা যুক্ত হবে বলে তারা আশা করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান