সিরাজগঞ্জে অপপ্রচার, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নম্বর কাওয়াকোলা ইউনিয়নের একডালা পুনর্বাসন বাজার এলাকায় মিথ্যা অপপ্রচার, হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে কাওয়াকোলা ইউনিয়ন ও পুনর্বাসনবাসীর উদ্যোগে একডালা পুনর্বাসন বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আলিম। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মো. আলিম ও তার বোন ফরিদা বেগমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সম্মানহানি করা হচ্ছে। পাশাপাশি তাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাটের মতো ঘটনা ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, আলিম ও তার বোন ফরিদা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এসব অপপ্রচারের কারণে তারা সামাজিক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন বক্তারা। মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. জাহিদ, স্থানীয় বাসিন্দা মো. লিমন, মোছা. মুক্তা খাতুন, মোছা. চম্পা খাতুন, মোছা. লিজা খাতুনসহ স্থানীয় এলাকাবাসী বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, হাবেল, মিলন, হৃদয়, নাজমুল, ইয়াকুব, সাগর ও নাদিমসহ কয়েকজনের বিরুদ্ধে আলিম ও তার বোন ফরিদা বেগমের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বিষয়টির তদন্ত ও বিচার হওয়া উচিত। তারা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান। এ সময় স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। উল্লেখ- ষড়যন্ত্রকারী ইতিপুর্বে আলিমের বিরুদ্ধে ৮ নং কাওয়াকোলা ইউনিয়নে সরকারি বিভিন্ন সহায়তা, ভাতা, অনুদান ও কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে দরিদ্র নারীদের কাছ থেকে ২ হাজার থেকে ১০ হাজার টাকা করে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা আদায়ের অভিযোগ তোলে।
গত মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে মানববন্ধনে তারা মিথ্যা অভিযোগ করেন, মো. আব্দুল আলিম ও মোছা. ফরিদা বেগম সরকারি বিভিন্ন সহায়তা, ভাতা, কার্ড ও অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে এলাকার দরিদ্র ও অসহায় নারীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়েছেন। প্রত্যেকের কাছ থেকে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এভাবে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা আদায় করা হয়েছে বলেও বানোয়াট অভিযোগ করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট