জুলাই গণঅভ্যুত্থান দিবসে পাবনায় শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে পাবনায় শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পাবনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পাবনা জেলা পুলিশ। বুধবার সকালে পাবনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পাবনা জেলার নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনকালে গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেমের প্রতি গভীর সম্মান জানানো হয়। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, বীর শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান